নির্ভীক বাংলা,জামুড়িয়া: জামুড়িয়ার ভূতবাংলা এলাকার শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর সিআরএম ইউনিটে মঙ্গলবার সকালে বিক্ষোভে সামিল হন ঠিকা শ্রমিকরা। বিভিন্ন দাবিকে সামনে রেখে কারখানার বাইরে আন্দোলনে নামেন বিপুল সংখ্যক শ্রমিক। বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য কারখানা চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, তাঁদের দিয়ে নির্ধারিত ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে, অথচ সেই অনুযায়ী উপযুক্ত মজুরি দেওয়া হয় না। পাশাপাশি মাসিক ছুটি নিয়েও সমস্যার মুখে পড়তে হয় বলে দাবি শ্রমিকদের। কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে বলেও অভিযোগ ওঠে।
শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই সমস্ত সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনের পথে নামেন তাঁরা।
ঘটনার খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





