ভিডিও

১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি দম্পতি ফের পুলিশের জালে, কুলটিতে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার

নির্ভীক বাংলা,কুলটি:
মাদক পাচারের অভিযোগে পূর্বে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও ফের পুলিশের জালে ধরা পড়লেন কুলটির এক দম্পতি। তাঁদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। ঘটনায় কুলটি ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন পাপ্পু আনসারি এবং তাঁর স্ত্রী সুবেতারা খাতুন। তাঁদের বাড়ি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার বামুন্ডিহা মাদ্রাসা পাড়ায়।
পুলিশ জানায়, নিয়ামতপুর ফাঁড়ির এসআই মিলন ভুঁইয়ের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে রানিসায়ের মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন এবং মাদক পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তদন্তে জানা যায়, ধৃত দম্পতির বিরুদ্ধে এর আগেও এনডিপিএস (NDPS) আইনে মামলা হয়েছিল। ২০২০ সালের সেই মামলায় আসানসোলের বিশেষ এনডিপিএস আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই দম্পতির বিরুদ্ধেই ফের মাদক পাচারের অভিযোগ সামনে আসায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া হেরোইন একটি বৃহত্তর মাদক পাচারচক্রের অংশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, সরবরাহের নেটওয়ার্ক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে কুলটি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর