নির্ভীক বাংলা,বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার
ডায়মন্ড হারবার পৌর এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট মেটাতে চালু হল পাইপবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে ১৮৬.৩১ কোটি টাকার ব্যয়ে ডোঙারিয়া এলাকা থেকে হুগলি নদী-র জল শোধন করে পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
আজ ডায়মন্ড হারবার পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, বিধায়ক পান্নালাল হালদার, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, নির্বাহী আধিকারিক শঙ্কর সাহা ও অন্যান্য কাউন্সিলররা।
পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণা এবং সাংসদের উদ্যোগে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ডোঙারিয়া এলাকা থেকে হুগলি নদীর জল শোধন করে নিউটাউন, পুরাতন বাজার ও ধনবেড়িয়া এলাকার জলাধারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।
বাসিন্দাদের জলের কষ্ট দূর করতে কয়েকটি এলাকায় সরবরাহের সময়সীমা দেড় ঘণ্টা পর্যন্ত বাড়ানো হয়েছে। লক্ষ্য, শহরের প্রতিটি বাড়িতে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, অতীতে প্রকল্পে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও বর্তমানে মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্রকল্পটি সম্পূর্ণ রূপে কার্যকর হলে পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের জল সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।




