নির্ভীক বাংলা,রানীগঞ্জ: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে অবস্থিত জয় বালাজি কোম্পানিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সমকাজে সমবেতন, ইএসআই, পিএফ, কর্মক্ষেত্রে নিরাপত্তা-সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হয়ে আসছে। সেই দাবিগুলি পূরণের দাবিতেই তাঁরা আন্দোলনে সামিল হন। আন্দোলনের জেরে কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে এবং কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বলে শ্রমিকদের দাবি।
তবে শ্রমিকদের অভিযোগ, বৈঠকের পর মঙ্গলবার রাতে কোম্পানির নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েকজন শ্রমিকের বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ আন্দোলনের সঙ্গে যুক্ত দুই শ্রমিককে গ্রেফতার করে।
দুই শ্রমিকের গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল থেকেই শ্রমিকরা ফের বিক্ষোভে সামিল হন। তাঁরা কারখানার কাজ বন্ধ রেখে গ্রেফতার হওয়া শ্রমিকদের অবিলম্বে মুক্তি এবং পূর্বে উত্থাপিত দাবিগুলি দ্রুত কার্যকর করার দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে এই ঘটনায় কোম্পানি কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




