দুর্গাপুর: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় উদ্যাপন ঘিরে অশান্তির ঘটনা ঘটল দুর্গাপুরে। শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে এক যুবকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় উদ্যাপন করতে এলাকায় কয়েকজন যুবক শব্দবাজি ফাটাচ্ছিলেন। সেই সময় শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ, বচসার জেরে নয়নাংশু ভট্টাচার্য নামে এক ব্যক্তি ইট দিয়ে আঘাত করেন সৌগত দাশগুপ্ত নামে এক যুবককে।
আঘাতে গুরুতর জখম হন সৌগত দাশগুপ্ত। তাঁর নাক ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আহত সৌগত দাশগুপ্ত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে।





