ভিডিও

রাহুল সাংকৃত্যায়নের মূর্তি উধাও ঘিরে রাণীগঞ্জে বিক্ষোভ, বিজেপি-বাম কর্মীদের মধ্যে উত্তেজনা

রাণীগঞ্জ: রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা থেকে প্রগতিশীল সাহিত্যিক ও চিন্তাবিদ রাহুল সাংকৃত্যায়নের মূর্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল এলাকায়। মূর্তি অপসারণ বা চুরির ঘটনার প্রতিবাদে জনবাদী লেখক সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন বিজেপি ও বাম কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং পাল্টা স্লোগানকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিন বিক্ষোভ মিছিলটি শিশুভগবান মোড় থেকে শুরু হয়ে রামভগবান মোড় হয়ে পাঞ্জাবি মোড়ে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে সিপিআই(এম)-এর পতাকা দেখা যায়। পরে পাঞ্জাবি মোড়ে, যেখানে আগে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি স্থাপিত ছিল, সেই স্থানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বর্তমানে বিজেপির বিধায়ক কার্যালয় নির্মাণের কাজ চলছে। বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একসময় উভয় পক্ষের মধ্যে পাল্টা স্লোগান শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, কিছু সময়ের জন্য দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা প্রসঙ্গে রাণীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ বলেন, “গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু প্রতিবাদের নামে যদি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।”
অন্যদিকে, সিপিআই(এম)-এর নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে চলা প্রতিবাদ কর্মসূচি বন্ধ করার চেষ্টা হয়েছে, যা সবাই দেখেছেন। প্রতিবাদ সভার মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ রাতে যখন চুরি হয়, তখন প্রশাসন তা রুখতে পারে না।”
তিনি আরও বলেন, “রাজ্যে চোর ও অপরাধীদেরই প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে এই পরিস্থিতির বিরুদ্ধে বামপন্থীরা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুল সাংকৃত্যায়নের মূর্তি উধাও হওয়ার ঘটনা এবং বিক্ষোভ চলাকালীন উত্তেজনার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর