ভিডিও

রাহা লেনে বুলডোজার অভিযানের প্রতিবাদে পথে শতাধিক হকার, আন্দোলন শান্ত করলেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি

সময়সীমার আগেই উচ্ছেদ অভিযানের অভিযোগ, 'মিস কমিউনিকেশন'-এর জের বললেন বিধায়ক; দুর্গাপুজো পর্যন্ত সরকারি নির্দেশ মেনেই পদক্ষেপের আশ্বাস, মালা পরিয়ে সম্মান জানালেন হকাররা

আসানসোল, রাহা লেনে শুক্রবারের বুলডোজার অভিযানের প্রতিবাদে শনিবার পশ্চিম বর্ধমান হকার কমিটির ব্যানারে শতাধিক হকার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সরকার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা অন্যায়। বিক্ষোভকারীরা সরকারের ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং আসানসোলের সমস্ত হকারকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল সাউথ থানার পুলিশ ও আসানসোল সাউথ ট্রাফিক থানার পুলিশ। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি আন্দোলনরত হকারদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আবেদন জানান এবং বিক্ষোভ প্রত্যাহারের অনুরোধ করেন। বিধায়ক বলেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো হবে না এবং ভবিষ্যতের সমস্ত পদক্ষেপ সেই নির্দেশ মেনেই নেওয়া হবে।
তিনি আরও বলেন, আসানসোলকে দখলমুক্ত ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সরকারি নিয়ম ও প্রশাসনিক নির্দেশ মেনে চলারও আহ্বান জানান তিনি।
শুক্রবারের অভিযানে ক্ষতিগ্রস্ত হকারদের প্রতি সহানুভূতি প্রকাশ করে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, “সামান্য ‘মিস কমিউনিকেশন’-এর কারণেই এই ঘটনা ঘটেছে। সরকার ও জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে, সেই অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাকি বিষয়গুলিও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”
বিধায়কের এই আশ্বাসকে স্বাগত জানিয়ে হকাররা তাঁকে ফুলের মালা পরিয়ে সম্মান জানান।
বিক্ষোভ চলাকালীন গোটা সময় পুলিশ মোতায়েন ছিল। প্রশাসন ও হকার প্রতিনিধিদের মধ্যে শীঘ্রই আরও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর