ভিডিও

রামডি রক্ষা কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, পুলিশের নাকের ডগায় উধাও রূপার মুকুট

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
এক আজব ঘটনায় চাঞ্চল্য ছড়াল সালানপুরে। মন্দিরের সামনেই পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরা, রাতে টহল গাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও চুরি হল রামডি রক্ষা কালী মন্দির-এ।
মন্দির সূত্রে জানা গেছে, না ভাঙা হয়েছে তালা, না ভাঙা হয়েছে দানপেটি। বাঁশের আকাশি বেয়ে উঠে দুষ্কৃতীরা মা কালীর মূর্তির রূপার মুকুট, সোনার কানের দুল চুরি করে চম্পট দেয়। গলার মালা ছিঁড়ে মন্দিরের ভেতরেই পড়ে থাকতে দেখা যায়।
মন্দিরের সেবাদার ভূপেন মাহাতো জানান, গতকাল সন্ধ্যায় তিনি মন্দির বন্ধ করে বাড়ি যান। আজ সকালে পরিষ্কার করতে এসে দেখেন মূর্তির মুকুট ও কানের দুল উধাও। তিনি আরও জানান, গত দু’দিন ধরে এক যুবক বাইরে থেকে এসে মন্দিরে থাকছিল। আজ সকাল থেকে তার আর খোঁজ মিলছে না।
মন্দিরের পুরোহিতের কথায়, “এবার দুষ্কৃতীদের নজরে পড়েছে মন্দির। গতকাল রাতে মায়ের অলংকার চুরি হয়েছে।”
ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সালানপুর থানা-য় স্থায়ী ইন্সপেক্টর ইনচার্জ না থাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বেড়েছে। পুলিশ যদি নিয়মিত ও কড়া টহল দিত, তাহলে এ ধরনের চুরি রোখা যেত বলেও দাবি তাঁদের।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

TAGS

সম্পর্কিত খবর