নির্ভীক বাংলা,উখরা: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল উখরা আউটপোস্ট পুলিশ। এই উপলক্ষে উখরার কুঞ্জ বিহারী ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উখরা আউটপোস্টের ইনচার্জ প্রীতম পাল এবং আউটপোস্টের অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি উখরার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
ছাত্র-ছাত্রীদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। স্লোগানের মাধ্যমে তারা সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করার আহ্বান জানায় এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মাদক একজন ব্যক্তির জীবন, পরিবার এবং সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলে। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ভবিষ্যৎ প্রজন্মকে এই সামাজিক ব্যাধির হাত থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পুলিশ কর্মী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত বার্তা ছিল— “মাদক নয়, সুস্থ জীবনই হোক আগামী দিনের অঙ্গীকার।”




