নির্ভীক বাংলা, অন্ডাল:
নির্বাচনের আবহে অন্ডালে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫০ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে বিহারের দুই যুবককে। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। শনিবার তাঁদের অন্ডাল জিআরপি আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিহার থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে ওই দুই যুবক। তাঁদের কাছে থাকা ভারী ব্যাগ এবং আচরণে অসঙ্গতি নজরে আসায় সন্দেহ হয় জিআরপি-র। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। সন্তোষজনক উত্তর না মেলায় ব্যাগে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার হয় মোটা মোটা টাকার বান্ডিল। গুনে দেখা যায় মোট ৫০ লক্ষ টাকা রয়েছে। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় পুরো নগদ অর্থ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্গাপুর স্টেশনে নামার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল ওই দুই যুবকের। তবে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যেই কি এই টাকা আনা হচ্ছিল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।





