নির্ভীক বাংলা, আসানসোল :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া পদক্ষেপ নিল Election Commission of India। ভোটের দুই দিন আগে থেকেই রাজ্যজুড়ে মোটরসাইকেল ব্যবহারের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ভোটের দুই দিন আগে থেকে কোনও ধরনের বাইক র্যালি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে এই নিয়মে ছাড় মিলতে পারে।
দিনের সময়, অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বাইকে পিলিয়ন রাইডিং (পিছনে বসে যাত্রা) নিষিদ্ধ থাকবে। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি, পারিবারিক প্রয়োজন বা স্কুল পড়ুয়াদের আনা-নেওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
ভোটের দিন পরিবারের সদস্যরা ভোট দিতে যাওয়ার জন্য পিলিয়ন হিসেবে বাইকে চড়তে পারবেন। বিশেষ প্রয়োজনে ছাড় পেতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সমস্ত জেলা প্রশাসন ও পুলিশকে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। যাতে নির্বাচনের সময় কোনওরকম হিংসা বা ভয়ের পরিবেশ তৈরি না হয়, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে




