নির্ভীক বাংলা,বাঁকুড়া, বুধবার:
“একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হতে পারে না। এই কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে দেখতে চাই”—এই মন্তব্য করলেন সিপিআইএমের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র।
বুধবার বাঁকুড়া শহরের রামপুর মনোহর তলা বাজারে সিপিআইএম প্রার্থী অভয় মুখার্জীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
অমিয় পাত্র বলেন, “উনি আর যাবেন না, সেই কারণেই আমাদের অধিকার রক্ষার জন্য আমাদেরই লড়াই চালিয়ে যেতে হবে।”
তিনি আরও দাবি করেন, পরিবর্তনের আশায় মানুষ বাঁকুড়া-সহ ৭৭টি আসনে বিজেপিকে জিতিয়েছিল। তবে সেই পরিবর্তন বাস্তবে ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অমিয় পাত্র বলেন, “চোরেদের দল তৃণমূল। চুরি করার সুযোগ না থাকলে ওই দলে কেউ থাকবে না।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এবারের নির্বাচন ২০১১ সালের পর সম্পূর্ণ ভিন্ন। তাঁর কথায়, “গ্রাম, গঞ্জ ও শহর সর্বত্রই বামপন্থীদের প্রতি জনসমর্থন বাড়ছে। মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এ বার তৃণমূল টিকতে পারবে না।”
অন্যদিকে, বাঁকুড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অভয় মুখার্জী অভিযোগ করেন, তৃণমূল ও বিজেপির মধ্যে ‘সমঝোতা’ স্পষ্ট। তিনি বলেন, “তৃণমূল ও বিজেপি—কাউকেই ভোট দেবেন না মানুষ। মাথা উঁচু করে বাঁচতে হলে বামপন্থীদের জয় নিশ্চিত করতে হবে।”




