নির্ভীক বাংলা,বরাকর, ৩ জুন: কুলটি থানার অন্তর্গত বরাকর স্টেশন রোডের আলু গদ্দি এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী সোনু বিশ্বকর্মার মৃতদেহ বুধবার সকালে বেনাগোড়িয়া গ্রামের পুনুডি জঙ্গল থেকে উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাত থেকে সোনু নিখোঁজ ছিলেন। অভিযোগ, নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের কাছে ফোন করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন।
বুধবার সকালে পুনুডি জঙ্গল এলাকায় স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক ও প্রাতঃকৃত্যের জন্য গেলে দুর্গন্ধ টের পান। পরে জঙ্গলের ভিতরে একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসিপি জাভেদ হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে মৃতদেহটি সোনু বিশ্বকর্মার বলে শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অপহরণ, মুক্তিপণ দাবি এবং মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তে আরও অগ্রগতি হবে। এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।





