নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল
প্রেমের সম্পর্কের আড়ালে প্রায় ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ তুলেছেন হাওড়া-র এক বৃহন্নলা।
অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে গণমাধ্যমের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। প্রথম থেকেই অভিযুক্ত তাঁর পরিচয় সম্পর্কে অবগত ছিলেন। ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ব্যবসা শুরু করার কথা বলে এবং বিভিন্ন সময়ে নানা অজুহাতে ধাপে ধাপে প্রায় ১৫ লক্ষ টাকা নেন রজত দাস। দীর্ঘদিনের বিশ্বাসের সম্পর্ক থাকায় কোনও সন্দেহ করেননি অভিযোগকারী।
২০২২ সালে টাকা ফেরত চাইলে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় অশান্তি। শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি Asansol Durgapur Police Commissionerate-এর অধীন কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গতকাল রাতে শ্যামপুরের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালত-এ পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে।





