ভিডিও

প্রথম বাজেটে ডিএ বৃদ্ধি, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রকল্পে জোর

নির্ভীক বাংলা,কলকাতা, ২২ জুন: নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল সোমবার রাজ্য বিধানসভায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
বাজেটের অন্যতম উল্লেখযোগ্য ঘোষণা হল সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধি। বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ প্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি কার্যকর হলে মোট ডিএ দাঁড়াবে ৩৮ শতাংশে। আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও আশা, আইসিডিএস কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে বলে বাজেটে জানানো হয়। সরকার জানিয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন স্তরের কর্মীদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাজেটে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এমএসএমই ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মসৃষ্টিমূলক বিনিয়োগে বিশেষ সুবিধা এবং ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংস্থার অনুমতির প্রয়োজনীয়তা শিথিল করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে।
যুব সমাজের জন্যও বিশেষ ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা স্নাতক বেকারদের মাসিক ৩ হাজার টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কৃষি ক্ষেত্রে সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ২০০ টাকা বৃদ্ধি, কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ইউনিট প্রতি ২ টাকা ছাড় এবং কৃষকদের জন্য একাধিক সহায়তামূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জুলাই মাসে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে স্কুলছাত্রীদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া রোধে এককালীন ৫০ হাজার টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি স্কুলগুলিতে বিশেষ পাইলট প্রকল্প চালু এবং মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধির কথাও জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতে হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। সরকার দাবি করেছে, এর ফলে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবার মান আরও উন্নত হবে।
বাজেট পেশের পর বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সরকারি কর্মচারীদের একাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। একইভাবে সিভিক ভলেন্টিয়ার, আশা ও আইসিডিএস কর্মীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
সরকারের দাবি, এই বাজেটের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও শিল্পের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নে নতুন গতি আসবে। অন্যদিকে বিরোধী শিবির বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেও কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ।
সব মিলিয়ে নতুন সরকারের প্রথম বাজেট রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক কর্মসূচির ক্ষেত্রে আগামী দিনের দিশা নির্ধারণ করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

TAGS

সম্পর্কিত খবর