নির্ভীক বাংলা,আসানসোল, শনিবার:
তীব্র জলসংকটে ভুগছে নিউ ঘুষিক কোলিয়ারী এলাকা। কোলিয়ারীর জল পাম্প খারাপ হয়ে যাওয়ায় গত তিনদিন ধরে এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
এই পরিস্থিতির প্রতিবাদে কোলিয়ারীর এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতা বাদল মিশ্র এবং কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা-সহ অন্যান্যরা।
বাদল মিশ্র জানান, “গত তিনদিন ধরে পাম্প খারাপ থাকার কারণে কোলিয়ারীতে জল সরবরাহ বন্ধ রয়েছে। বাধ্য হয়েই এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে হয়েছে।” তিনি আরও বলেন, আসানসোল পৌরনিগমের তরফে যে জল সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
অন্যদিকে, কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে জল না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খনি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তিনদিনের মধ্যে পাম্প মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালু করতে হবে।”
এদিকে কোলিয়ারীর ম্যানেজমেন্টের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত পাম্প মেরামত করে স্বাভাবিক জল পরিষেবা পুনরায় চালু করা হবে।





