পূর্ব মেদিনীপুর | নিজস্ব সংবাদদাতা
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দিলেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগারওয়াল। রবিবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র-এর চিল্লোগ্রাম এলাকায় গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক সেরে নন্দীগ্রামে পৌঁছন সিইও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার স্মৃতি বহনকারী স্পর্শকাতর এলাকাগুলিতেই বিশেষভাবে পরিদর্শন করেন তিনি।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন মনোজ আগারওয়াল। স্থানীয়রা সন্ত্রাসের অভিযোগ তুলে ধরে জানান, তারা অনেক সময় নির্ভয়ে ভোট দিতে পারেন না।
এই প্রেক্ষিতে সিইও আশ্বাস দেন, কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য। তিনি বলেন, এবারের নির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
পরিদর্শনের সময় একাধিক ভোটগ্রহণ কেন্দ্রও ঘুরে দেখেন তিনি। সব মিলিয়ে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইও মনোজ কুমার আগারওয়াল।





