ভিডিও

ধসে পড়ল ইসিএলের ৭০ বছরের পুরনো জলট্যাংকি, জখম দুই কর্মী; রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ক্ষোভ

নির্ভীক বাংলা , অন্ডাল:
পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের বাকলা এরিয়ার শ্যামসুন্দরপুর (চনচনি) কোলিয়ারিতে বুধবার ভোরে একটি বড় দুর্ঘটনা ঘটে। প্রায় ৭০ বছরের পুরনো কংক্রিটের বিশাল জলট্যাংকি আচমকাই বিকট শব্দে ধসে পড়ে। সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর জখম হন ইসিএলের দুই কর্মী—সঙ্গীতা দেবী (৫০) ও প্রভাবতী ভূঁইয়া (৫০)। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
গত কয়েকদিন ধরে নিম্নচাপজনিত টানা বৃষ্টির মধ্যে জলট্যাংকিটি ভেঙে পড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এই জলট্যাংকি থেকে প্রায় এক হাজার মানুষের পানীয় জলের সরবরাহ হতো। ফলে দুর্ঘটনার পাশাপাশি এলাকায় তীব্র জলসংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।
ঘটনার পরই ইসিএলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণে চরম গাফিলতির অভিযোগ তুলেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের একাংশ। তাঁদের অভিযোগ, সম্প্রতি এলাকায় একাধিক পুরনো আবাসন বিপজ্জনক ঘোষণা করে ভেঙে ফেলা হলেও, প্রায় সাত দশকের পুরনো এই জলট্যাংকিকে শুধুমাত্র নামমাত্র মেরামত করে ব্যবহার করা হচ্ছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও স্থায়ী সংস্কার বা নতুন জলট্যাংকি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ।
শ্রমিক নেতাদের দাবি, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার ফল। আজ দু’জন আহত হয়েছেন, আগামী দিনে আরও বড় প্রাণহানি ঘটতে পারত।” তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবিলম্বে নতুন জলট্যাংকি নির্মাণ করে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
দুর্ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষ এলাকা ব্যারিকেড করে দেয়। তবে এই ঘটনার বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ইসিএলের নীরবতা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার, তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর