দুর্গাপুর:
দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই ক্রমশ জমে উঠছে। এই প্রেক্ষাপটে Kabi Dutta তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন অম্বুজা এলাকার নির্বাচনী কার্যালয় থেকে।
ইশতেহারে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রার্থী জানান, রাজনীতির বাইরের জগৎ থেকে এসে তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে বেকারত্বকে চিহ্নিত করেছেন। সেই সমস্যা দূর করতে নতুন শিল্প স্থাপন এবং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
এই লক্ষ্যে ‘কর্মভূমি’ নামে একটি পোর্টাল চালুর ঘোষণা করেন তিনি, যার মাধ্যমে স্থানীয় যুবকদের চাকরির সুযোগ বৃদ্ধি পাবে বলে দাবি। পাশাপাশি শিল্পক্ষেত্রে নির্দিষ্ট হারে স্থানীয়দের জন্য চাকরি সংরক্ষণের কথাও উল্লেখ করা হয়েছে।
ক্ষুদ্র ও অসংগঠিত হকারদের পুনর্বাসন, পরিবেশ রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ। পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা এবং স্কুলের ফি নিয়ন্ত্রণে এনে সুলভ শিক্ষার ব্যবস্থা করার কথা বলেন তিনি।
এছাড়া পুনর্বাসন সংক্রান্ত জমির নবীকরণ, মিউটেশন ও পাট্টা প্রদানের প্রক্রিয়া দ্রুত করার আশ্বাস দেওয়া হয়েছে।
পরিকাঠামোর উন্নয়নে বড় ঘোষণা হিসেবে দুর্গাপুরে আন্তর্জাতিক মানের একটি আধুনিক বাস টার্মিনাস তৈরির কথাও উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে, কর্মসংস্থান থেকে নাগরিক পরিষেবা—বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।




