নির্ভীক বাংলা,দুর্গাপুর, ১১ জুলাই:
দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন ওই শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত শ্রমিকের নাম শেখ শহিদুল। তিনি দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক সূত্রের খবর, শুক্রবার রাতে ব্লাস্ট ফার্নেস এলাকায় কাজ করার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন শেখ শহিদুল। তিনি গুরুতরভাবে ঝলসে গেলে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।





