দুর্গাপুর: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের মায়া বাজার সংলগ্ন এলাকায়। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে দমকল ও স্থানীয় সূত্রের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ ব্যাঙ্কের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়।
দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।





