নির্ভীক বাংলা,দুর্গাপুর: রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মী-সমর্থকরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য এভিনিউ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন। অনুষ্ঠান শেষে তিনি কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিক্ষোভকারীরা “দোলা সেন হায় হায়” এবং “দুর হটো” স্লোগান দিতে থাকেন। আচমকা এই বিক্ষোভকে ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে এবং সাংসদকে নিরাপদে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায়।
ঘটনায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা বজায় ছিল।





