নির্ভীক বাংলা,দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লী এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র, শাবল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে রিনা রায়ের বাড়িতে চড়াও হয়। এরপর বাড়ির একাংশে ব্যাপক ভাঙচুর চালায় তারা। ভাঙচুরের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই তারা এলাকা ত্যাগ করে।
ক্ষতিগ্রস্ত রিনা রায় জানান, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





