দুর্গাপুর: উচ্চশিক্ষা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল জে আই এস এডুকেশন এক্সপো ২০২৬। একদিনের এই শিক্ষা মেলায় পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, বোলপুর, ধানবাদ ও পুরুলিয়ার ১৩০টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জে আই এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরনজিৎ সিং। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়কের প্রতিনিধি রূপম লাহা।
এক্সপোতে জে আই এস গ্রুপের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত ১৮৫টি একাডেমিক প্রোগ্রামের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বিশেষজ্ঞদের পরিচালনায় অনুষ্ঠিত ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে অংশগ্রহণকারীরা ব্যক্তিগতভাবে উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মজীবনের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে পরামর্শ গ্রহণের সুযোগ পান। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিশা লাভ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। পাশাপাশি শিক্ষাবিদদের আলোচনা সভা, কর্মশালা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ সেশনেরও আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবন সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলাই এই এক্সপোর মূল উদ্দেশ্য।





