নির্ভীক বাংলা,, লাউদোহা : তোলাবাজি, ভোট পরবর্তী সন্ত্রাস এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি শতদ্বীপ ঘটককে গ্রেফতার করল ফরিদপুর থানার পুলিশ। রবিবার রাতে লাউদোহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, রাজনৈতিক প্রভাব খাটানো এবং বিরোধী কর্মীদের ভয় দেখানোর ঘটনা ঘটছিল। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ সামনে আসে বলেও দাবি স্থানীয়দের একাংশের।
রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় তোলাবাজি, সন্ত্রাস ও অসামাজিক কাজকর্মের অভিযোগে একাধিক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই শতদ্বীপ ঘটককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শতদ্বীপ ঘটক। তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। ২০২১ সালের নির্বাচনের সময় আমার পিতৃবিয়োগ হয়েছিল। সেই সময় আমি শোকাহত ছিলাম। এতদিন পরে কেন আমাকে গ্রেফতার করা হল, তা আমি বুঝতে পারছি না।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।





