নির্ভীক বাংলা,আসানসোল
ডিউটিরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বার্নপুরের ইস্কোর টানেল গেট এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মৃত শ্রমিকের দেহ রেখে ক্ষতিপূরণ, শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হন তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়রা।
মৃত শ্রমিকের নাম নিত্যগোপাল ধীবর। পরিবারের দাবি, নিত্যগোপাল ছোট ছোট সন্তান রেখে গিয়েছেন। তাই তাঁর পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে একজন আশ্রিতকে চাকরি দিতে হবে।
মৃতের দাদা গোষ্ঠগোপাল ধীবর জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিত্যগোপাল কাজে যোগ দেন। ডিউটিতে পাঞ্চিং করার পর কাজ শুরু করেন। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর তাঁকে দ্রুত ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে মৃতদেহ টানেল গেটে আনার পর পরিবারের সদস্যরা দেহ রেখে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ মৌখিকভাবে চাকরির আশ্বাস দিলেও লিখিতভাবে কোনও প্রতিশ্রুতি দিতে রাজি হননি। পরিবারের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ, একজন আশ্রিতের চাকরি এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তার বিষয়ে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অন্যদিকে, ইস্কোর এক আধিকারিক জানান, নিত্যগোপাল ধীবর একজন ঠিকা শ্রমিক ছিলেন। তাঁর ঠিকাদার সংস্থা পরিবারের পাশে রয়েছে এবং হাসপাতালেও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে পরিবারকে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে আশ্রিতকে চাকরি দেওয়ার দাবি কতটা বাস্তবসম্মত ও নীতিসঙ্গত, তা পরবর্তীকালে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে বলেও তিনি জানান।





