ভিডিও

জয় বালাজী কারখানার গেটে বিজেপি বিধায়কদের সভা, ব্যবস্থাপনার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

দুর্গাপুর: দুর্গাপুরের জয় বালাজ গ্রুপের ৪ নম্বর ইউনিটের গেটের সামনে মঙ্গলবার ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি এবং বিএমএস-এর স্থানীয় নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়কেরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁদের দাবি, কারখানার দূষণের ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন, অথচ এলাকার বাসিন্দাদের পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে না।
পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, যদি স্থানীয়দের বঞ্চিত করে এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে কারখানার ম্যানেজমেন্টের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনে নামা হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ব্যবস্থাপনার বিরুদ্ধে উত্তেজক মন্তব্যও করেন।
রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে কারখানাকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে না। তিনি স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।
দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সম্প্রতি আন্দোলনরত শ্রমিকদের ধর্না তুলে দিতে পুলিশের ভূমিকা নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। তিনি দাবি করেন, স্থানীয় ২৪ জন শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তাঁদের দল শিল্পের বিরোধী নয়, তবে শ্রমিকদের স্বার্থ ও স্থানীয় মানুষের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, সভায় উত্থাপিত অভিযোগ ও বক্তব্য সংশ্লিষ্ট বিধায়ক ও আন্দোলনকারীদের দাবি। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর