আসানসোল, কুলটি: কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি এলাকায় চিনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারির অধীনে কর্মরত একটি বেসরকারি কয়লা সংস্থার কাছে একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিল সমস্ত গ্রাম কমিটি।
মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ এই কর্মসূচির আয়োজন করা হয়। কমিটির সদস্যরা সংস্থার কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দিয়ে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের দাবি, এলাকার সার্বিক উন্নয়ন এবং কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন।
সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, কোলিয়ারি এলাকায় বিভিন্ন কাজে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করতে হবে। পাশাপাশি এলাকার রাস্তা, পানীয় জল, আলো-সহ প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নের দাবিও জানানো হয়েছে। এছাড়াও বর্তমানে কর্মরত শ্রমিকদের সঠিক ও নির্ধারিত মজুরি প্রদান এবং শ্রমিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়েছে।
কমিটির সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে এই বিষয়গুলি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই গণস্বার্থে এবং শ্রমিকদের স্বার্থে সংস্থার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সূত্রের খবর, বেসরকারি সংস্থার ম্যানেজমেন্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য ১৫ দিনের সময় চেয়েছে।
এদিকে, সমস্ত গ্রাম কমিটির সদস্যরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলি নিয়ে ইতিবাচক উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়টি বিবেচনা করা হবে।




