নির্ভীক বাংলা:
ভোটের আগেই ফের রক্তাক্ত ঘটনা। বুধবার কাকভোরে পিলখানা এলাকার গোলাবাড়িতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী-প্রোমোটার। মৃতের নাম সফিক খান (২৭) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন সফিক খান। সেই সময় দুষ্কৃতীরা এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুষ্কৃতীরা গুলি চালানোর পর হেঁটেই এলাকা ছাড়ে বলে অভিযোগ। পুরো ঘটনাটি নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই বিভিন্ন জেলায় উত্তেজনা বাড়ছে। সম্প্রতি তিলজলা রোড-এও গুলির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যেই এবার হাওড়ায় এই শ্যুটআউট নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
ঘটনাস্থলে ফরেন্সিক দল পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।





