নির্ভীক বাংলা,দুর্গাপুর: ছিনতাইয়ের একটি ঘটনায় দ্রুত পদক্ষেপ করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা, বিশেষ করে কর্মরত মহিলারা।
বৃহস্পতিবার দুপুরে ঋতু ঘোষ নামে বন্ধন ব্যাঙ্ক-এর এক মহিলা কর্মী কাজ সেরে স্কুটি করে সিটি সেন্টারে তাঁর নিজস্ব ব্রাঞ্চে ফিরছিলেন। পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে পৌঁছতেই তিন যুবক তাঁর পথরোধ করে। অভিযোগ, সেই সময় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কোক ওভেন থানার ওসি বিজয় দলপতির নেতৃত্বে দ্রুত একটি বিশেষ টিম গঠন করা হয়। তৎপর তদন্ত ও অভিযানের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃতরা হল রিজু বাউরি (২৮), সমীর বাউরি (২৭) ও বাপ্পা বাউরি (৩০)। তিনজনেই পিয়ালা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশের এই দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঋতু ঘোষ। তিনি বলেন, “আমার মতো অনেক মহিলা প্রতিদিন কাজের সূত্রে রাস্তায় বের হন। আমাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ যেভাবে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করেছে, তাতে আমরা আশ্বস্ত।”
পুলিশের এই সাফল্যকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই প্রশংসার সুর শোনা যাচ্ছে।




