নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, আসানসোল:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার ডুবুর্ডিহি চেকপোস্টে জোরদার নাকা তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এই এলাকায় নিরাপত্তা আরও কড়া করেছে প্রশাসন।
মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ড থেকে আসা একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২১০টি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করা হয়। ঘটনায় আটক করা হয়েছে মোহাম্মদ সামির ও মোহাম্মদ সুলেমান-কে। ধৃতরা কলকাতার বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাখির ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। পরে গাড়ি, পাখির বাচ্চা ও অভিযুক্তদের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, একই চেকপোস্টে সোমবার গভীর রাতে আরও একটি গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৬ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে মোহাম্মদ ওয়াকুয়ার, আব্দুল রউফ হাশমী ও মোহাম্মদ শাকির খান-কে। তারা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং উদ্ধার হওয়া নগদের কোনো বৈধ নথি দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নাকা তল্লাশির সময় উপস্থিত ছিলেন শেখ জাভেদ হুসেন সহ কুলটি থানার ও চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিকেরা। এছাড়াও এসএসটি, পুলিশ, আবগারি দপ্তর ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে এই তল্লাশি চালানো হচ্ছে।
প্রশাসনের দাবি, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই সীমান্ত এলাকায় এই ধরনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।




