নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল:
আসানসোলের কুলটি বিধানসভা এলাকার নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে বুধবার দুপুরে নবনিযুক্ত দুই বিজেপি নেতা বুম্বা চৌধুরী ও টুপাই দত্তকে সম্বর্ধনা জানানো হল। কুলটি বিধানসভা বিজেপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কয়েক দিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য-এর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বুম্বা চৌধুরী এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) (সিপিআইএম) ছেড়ে টুপাই দত্ত শতাধিক কর্মী-সমর্থককে নিয়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। সেই যোগদান উপলক্ষেই এদিন তাদের আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা সাংগঠনিক বিজেপির সহ-সভাপতি বাপ্পা আচার্য এবং বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য অমিত গোরাই-সহ একাধিক নেতৃত্ব। বক্তারা দাবি করেন, কুলটি বিধানসভায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী হচ্ছে এবং আগামী নির্বাচনের আগে এই যোগদান রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
দলবদলের এই ঘটনাকে ঘিরে কুলটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।




