“
নির্ভীক বাংলা ,বাদুড়িয়া, বুধবার:
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বিধানসভায় দলবদলকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। নিজের এই সিদ্ধান্তকে “আবেগের ঘর ওয়াপসি” বলেই উল্লেখ করেছেন তিনি।
দিলুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ৫৭ হাজার ভোটে জয়ী হলেও, পরবর্তীতে তিনি নিজের বিধানসভায় মানুষের জন্য কাজ করার সুযোগ পাননি। তার কথায়, “যোগ্য সম্মান না পাওয়ার” কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তিনি আরও দাবি করেন, ২০২১ সালের আগে বিজেপির উত্থান ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়-এর আহ্বানে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে পরে দলের অভ্যন্তরে দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের যথাযথ সম্মান দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্যের উল্লেখ করে দিলু বলেন, বাস্তবে সেই নীতির প্রতিফলন দেখা যায়নি।
দিলু জানান, বিধায়ক পদ না ছেড়ে তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন, যাতে এলাকার মানুষের পরিষেবা চালিয়ে যেতে পারেন। কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় এবং এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই তিনি কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস নেতৃত্ব তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেছে বলেও জানান তিনি।
বাদুড়িয়ার রাজনীতিতে তার পরিবারের দীর্ঘ প্রভাব রয়েছে। তার বাবা কাজী আব্দুল গফফার স্বাধীনতার পর থেকেই এলাকার মানুষের পাশে থেকে পরিচিতি গড়ে তুলেছিলেন। সেই ঐতিহ্য বজায় রেখেই তিনি কংগ্রেসের হয়ে কাজ করতে চান বলে জানান দিলু।
অন্যদিকে, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে বুরহানুল মুকাদ্দিম (লিটন)-এর। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এই প্রার্থী এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন।
একদিকে তৃণমূলের সংগঠনিক শক্তি, অন্যদিকে কংগ্রেসে ফেরা প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত প্রভাব—এই দুইয়ের লড়াইয়ে বাদুড়িয়া বিধানসভা এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত এই কেন্দ্রের মানুষ কাকে বেছে নেন।





