অন্ডাল, পশ্চিম বর্ধমান:
খনি অধ্যুষিত অন্ডাল এলাকায় একদিকে তীব্র পানীয় জলের সংকট, অন্যদিকে পাইপলাইনের লিকেজে অনবরত জলের অপচয়ের ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্ডালের কাজোড়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই জলসংকট প্রকট। সমস্যা সমাধানে রাজ্য সরকারের উদ্যোগে মদনপুর পঞ্চায়েতের চকরামবাটি এলাকায় অবস্থিত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)–এর একটি পরিত্যক্ত খোলা মুখ খনি থেকে জল উত্তোলন করে তা পরিশোধনের মাধ্যমে জনস্বার্থ কারিগরি দপ্তর (PHE)-এর পাইপলাইনে সরবরাহ করা হচ্ছে। এর ফলে বহু মানুষ উপকৃত হলেও এখন সামনে এসেছে নতুন সমস্যা।
অভিযোগ, বিভিন্ন জায়গায় পাইপলাইন ফেটে বা লিকেজ হয়ে গত এক থেকে দেড় মাস ধরে অবিরাম জল বেরিয়ে যাচ্ছে। এতে যেমন জলের অপচয় হচ্ছে, তেমনই অনেক এলাকায় পর্যাপ্ত জল পৌঁছচ্ছে না বলেও দাবি বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, বিষয়টি দপ্তরকে জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা পার্থ দেওয়াশী জানান, তিনি বাসিন্দাদের কাছ থেকে লিকেজের খবর পেয়েছেন। খনি অঞ্চলে খোলা মুখ খনির কারণে জলস্তর নেমে যাওয়ায় রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, পাইপলাইনের কাজ যে সংস্থার মাধ্যমে হয়েছে, তাদের দিয়ে পুনরায় পরিদর্শন করিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং বিষয়টি অন্ডাল বিডিওর কাছে জানানো হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে, দ্রুত লিকেজ মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, যেখানে প্রতিদিন জলসংকটে ভুগতে হচ্ছে, সেখানে এভাবে জলের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।



