নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:
ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর জমি দখল করে অননুমোদিত নির্মাণের অভিযোগে নোটিস জারি করা হয়েছে আসানসোল পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা রোহিত নুনিয়ার নামে।
জানা গেছে, ধেমোমেন মোড় সংলগ্ন রাস্তার পাশে ইসিএলের জমিতে অবস্থিত একটি পেট্রোল পাম্প ও সংলগ্ন অফিসে ইসিএলের পক্ষ থেকে নোটিস টাঙানো হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট জমি ইসিএলের মালিকানাধীন এবং সেখানে অনুমতি ছাড়া দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ। সেই কারণে ৭ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিসে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ পালন না করা হলে আইনানুগ উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হবে। নোটিস জারির সময় ইসিএলের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণ থানার পুলিশও উপস্থিত ছিল বলে সূত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে রোহিত নুনিয়ার প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইসিএলের জমি দখলমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান ও নোটিস জারি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।
(রোহিত নুনিয়ার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।)




