ভিডিও

আসানসোল পৌরনিগমে ভাঙচুরের অভিযোগ, জেলা শাসকের দ্বারস্থ মেয়র ও কাউন্সিলররা

নির্ভীক বাংলা,আসানসোল, ২০ মে : আসানসোল পৌরনিগমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও পৌরনিগমের লোগো ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল শিল্পাঞ্চলে। বুধবার এই ঘটনার অভিযোগ জানাতে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নামবলমের সঙ্গে দেখা করেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
অভিযোগ, মঙ্গলবার দুপুরে বিজেপির যুব সভাপতির নেতৃত্বে একদল কর্মী মেয়রের দপ্তরে প্রবেশ করে। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নামিয়ে ভেঙে ফেলা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো হয়। পাশাপাশি পৌরনিগম ভবনের ভিতরে কুরুচিকর মন্তব্য ও উচ্ছ্বাস প্রকাশ করা হয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও জাতীয় নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার মেয়র বিধান উপাধ্যায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি জানান, ঘটনার বিষয়ে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। জেলা শাসক পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান মেয়র।
ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর