নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান:
২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল দক্ষিণে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল জনসংঘর্ষ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশনালিস্ট কনসারভেটিভ পার্টির সমর্থনে প্রার্থী করা হয়েছে রাজ্যোন্না হালদার-কে। পাশাপাশি জামুরিয়া এলাকায় প্রার্থী করা হয়েছে রিয়া মুখার্জি-কে।
সংগঠনের অন্যতম মুখ রাজন্যা হালদার জানান, ইতিমধ্যেই রাজ্যের সাতটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন জেলায় প্রার্থী দেওয়া হবে।
তিনি জানান, আসানসোল দক্ষিণে ন্যাশনালিস্ট কনসারভেটিভ পার্টি-এর সমর্থন তাঁদের বড় শক্তি। পাশাপাশি আকাশ ঘটক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি-কে তীব্র আক্রমণ করা হয়। বেকারত্ব, বন্ধ কারখানা, পানীয় জলের সংকট, রাস্তার বেহাল অবস্থা এবং প্রাকৃতিক সম্পদ পাচারের মতো একাধিক ইস্যু তুলে ধরা হয়।
জনসংঘর্ষ মঞ্চের দাবি, বড় রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে এলাকার সম্পদ ব্যবহার করলেও সাধারণ মানুষের উন্নয়নে যথেষ্ট কাজ করেনি। সেই কারণেই যুব সমাজকে সামনে এনে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচিত হলে কোনও বড় দলের সঙ্গে আপস না করে স্বাধীনভাবে কাজ করবেন এবং স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবেন।
নির্বাচনের আগে এই নতুন রাজনৈতিক বার্তা ও অবস্থান কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।





