ভিডিও

আসানসোল ইএসআই হাসপাতালে ২০০-র বেশি চুক্তিভিত্তিক কর্মীর বদলি ও ছাঁটাইয়ের আশঙ্কা, বিক্ষোভে উত্তেজনা

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:
আসানসোল ইএসআই হাসপাতালে কর্মরত ২০০-রও বেশি চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর বদলি এবং চাকরি হারানোর আশঙ্কাকে কেন্দ্র করে সোমবার হাসপাতাল চত্বরে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিস দিয়ে তাঁদের অন্যত্র বদলি অথবা বর্তমান কর্মস্থল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনরত কর্মীরা।
এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসানসোল ইএসআই হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার পরিকল্পনার কথা মাথায় রেখেই তাঁরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু হঠাৎ বদলি বা চাকরি ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁরা গভীর উদ্বেগে রয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই সিদ্ধান্ত তাঁদের কর্মজীবনের নিরাপত্তাকে অনিশ্চিত করে তুলেছে। তাঁরা দাবি করেন, এটি তাঁদের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ এবং এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আন্দোলনরত কর্মীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তাঁদের দাবি, ২০০-রও বেশি চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর