নির্ভীক বাংলা, আসানসোল :
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে Asaduddin Owaisi-র কর্মসূচি ঘিরে প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলল AIMIM নেতৃত্ব।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বারবার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তাদের বিভিন্ন কর্মসূচি—পাবলিক মিটিং, রোড শো ও স্ট্রিট প্রোগ্রাম—বাতিল করা হচ্ছে। জেলা নির্বাচন আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
AIMIM নেতাদের দাবি, “গণতান্ত্রিক পরিবেশে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের কর্মসূচি করতে না দিয়ে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে—প্রশাসনের ভয়টা কোথায়?”
এছাড়াও আসানসোল উত্তর বিধানসভায় দীর্ঘ ১৫ বছরের শাসনকালে মাদক সমস্যা, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি নিয়েও তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের অভিযোগ, “এলাকায় মাদকাসক্তির হার বেড়েছে, যুবকদের কাজের জন্য বাইরে যেতে হচ্ছে।”
শাসকদল ও স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে AIMIM দাবি করেছে, তাদের নির্বাচনী কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ১৪ এপ্রিল রাতে দলের এক এজেন্টের উপর হামলার অভিযোগও তোলা হয়েছে।
একইসঙ্গে AIMIM-এর বক্তব্য, জাতীয় স্তরের নেতা হিসেবে Asaduddin Owaisi-র সফরের ক্ষেত্রে যে ধরনের প্রশাসনিক বাধা তৈরি করা হচ্ছে, তা অন্য রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখা যায় না।
তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে প্রশাসন বা শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



