নির্ভীক বাংলা , আসানসোল :
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার আসানসোলের বিএনআর অঞ্চলে ভুয়ো আইএসআই মার্কা হেলমেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
ডিসি (ট্রাফিক) পিবিজি সতীশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন হেলমেট বিক্রেতার দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কয়েকটি দোকানে নকল বা ভুয়ো আইএসআই মার্কাযুক্ত হেলমেট বিক্রি করা হচ্ছে। এরপর পুলিশ ওইসব হেলমেট বাজেয়াপ্ত করে।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় কম দামে বিক্রি হওয়া নকল আইএসআই মার্কা হেলমেট দুর্ঘটনার সময় পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়, ফলে চালক ও আরোহীদের প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে বাজারে মানহীন ও ভুয়ো হেলমেট বিক্রি রোধে এই অভিযান চালানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং ভুয়ো বা নিম্নমানের হেলমেট বিক্রির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে মানসম্পন্ন ও বৈধ আইএসআই অনুমোদিত হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়েছে।





