ভিডিও

আসানসোলে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি শুরু, কিশোরীদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ

নির্ভীক বাংলা,আসানসোল: জরায়ু-মুখ ক্যানসার প্রতিরোধে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে একটি বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের HPV টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট বয়সে এই টিকা গ্রহণ করলে জরায়ু-মুখ ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে ভবিষ্যতে এই রোগ প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিন টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে আসেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক ডাঃ বিজন মুখার্জী। তারা টিকাকরণ প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সকলকে মেয়েদের এই টিকার আওতায় আনার আহ্বান জানান।
বিধায়করা জানান, কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বহু মেয়ে জরায়ু-মুখ ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে বলে তারা আশাবাদী।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পর্যায়ক্রমে জেলার সমস্ত ব্লক ও পুরসভা এলাকায় এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। এছাড়াও স্কুলে গিয়ে কিশোরীদের টিকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। টিকা গ্রহণের জন্য কোনো খরচ লাগবে না। আধার কার্ড ও অভিভাবকের সম্মতিপত্র সঙ্গে আনলেই টিকা নেওয়া যাবে।

TAGS

সম্পর্কিত খবর