নির্ভীক বাংলা, আসানসোল :
পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে এআইএমআইএম প্রার্থী শাহনাওয়াজের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রবিবার আসানসোলের ওকে রোডে একটি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন—এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র?
সোমবার প্রয়াত প্রার্থীর বাড়িতে যান দলের নেতা দানিশ আজিজ। আসাদুদ্দিন ওয়াইসি-র নির্দেশে তিনি পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং এআইএমআইএম-এর পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি তিনি স্পষ্টভাবে দাবি করেন, এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি উচ্চ-পর্যায়ের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।
দানিশ আজিজ বলেন, “এই ঘটনা সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবেই মেনে নেওয়া যাচ্ছে না। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।”
এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও প্রতিনিধি—মোহাম্মদ এজাজ আহমেদ, অ্যাডভোকেট মেরাজ আখতার, হাজী আরশাদ খান, শহীদ মনসুর, শোহরাত আলম, আতিফ মালিক এবং ইরফান উম্মিদ প্রমুখ।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তে কী তথ্য সামনে আসে।




