নির্ভীক বাংলা,দুর্গাপুর, ১৯ জুন: আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে দুর্গাপুর পুরসভা, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে, দুর্গাপুর মহকুমা যোগা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার সকালে অনুষ্ঠিত হল ‘রান ফর যোগা’ কর্মসূচি।
এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত এডিডিএ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহিদ ভগত সিং ক্রীড়াঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত যোগাভ্যাস কর্মসূচিতে দুর্গাপুর পুরসভা ও এডিডিএ-র আধিকারিক, বিভিন্ন জনপ্রতিনিধির প্রতিনিধি এবং ছোট থেকে বড় নানা বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ জানান, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই দুর্গাপুর পুরসভা সক্রিয়ভাবে যোগ দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম এবং নেহরু স্টেডিয়ামে বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হবে। ইতিমধ্যেই অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সাড়া মিলছে।
আবুল কালাম আজাদ বলেন, “আমরা আশা করছি আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে পারব। যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”





