নির্ভীক বাংলা:
আদর্শ নির্বাচনবিধি কার্যকর হতেই কুলটি বিধানসভা এলাকায় সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পতাকা সরানোর কাজ শুরু করল জেলা নির্বাচন প্রশাসন।
বুধবার থেকে বিভিন্ন সরকারি পোল, বিল্ডিং সহ সরকারি স্থাপনায় লাগানো প্রচার সামগ্রী চিহ্নিত করে মনিটরিং শুরু হয়েছে বলে জানান প্রশাসনের আধিকারিক কল্যাণ চৌধুরী। তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই মনিটরিং শুরু করেছি। সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক ব্যানার বা পতাকা সংশ্লিষ্ট দলগুলিকে খুলে নেওয়ার জন্য জানানো হচ্ছে। না হলে আমরা সেগুলি খুলে নিয়ে ডিএম অফিসে জমা করব।”
উল্লেখ্য, আসানসোল সহ পশ্চিম বর্ধমান জেলার মোট ৯টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি।
ভোটের আগে প্রশাসনের এই পদক্ষেপে নির্বাচনী বিধি মেনে চলার বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





