ভিডিও

সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য মেগা স্বাস্থ্য শিবির ও রক্ত অর্পণ উৎসব বসিরহাটে

নির্ভীক বাংলা,বসিরহাট:
শহর বসিরহাটের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবির ও রক্ত অর্পণ উৎসবের আয়োজন করা হলো। বসিরহাটের বিশিষ্ট চিকিৎসক ডাঃ শৌর্য ব্যানার্জির উদ্যোগে এবং মন্দির সংরক্ষণ সমিতি, বসিরহাটের পরিচালনায় দণ্ডীরহাট রামকৃষ্ণ মিশনের পার্শ্ববর্তী মাঠে এই শিবির অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই এলাকার বহু মানুষ শিবিরে ভিড় জমাতে শুরু করেন। অর্থোপেডিক, চক্ষু ও জেনারেল মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তচাপ ও সুগার পরীক্ষা এবং ইসিজি পরিষেবার ব্যবস্থাও ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়।
শিবিরে উপস্থিত থেকে ডাঃ শৌর্য ব্যানার্জি বলেন,
“সমাজের অনেক মানুষ এখনও নিয়মিত চিকিৎসার সুযোগ পান না। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকে রোগ লুকিয়ে রাখেন বা দেরিতে চিকিৎসা করাতে আসেন, ফলে সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে। এই ধরনের শিবিরের মাধ্যমে অন্তত প্রাথমিক চিকিৎসা ও সঠিক পরামর্শ দেওয়া সম্ভব হয়। প্রয়োজনে রোগীদের বড় হাসপাতালে রেফারও করা হয়।”
তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত করার চেষ্টা থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এক জায়গায় একাধিক বিভাগের চিকিৎসক দ্বারা পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পাওয়া বড় স্বস্তির বিষয়। দীর্ঘদিনের চোখের সমস্যা, হাড়ের ব্যথা কিংবা সাধারণ শারীরিক অসুস্থতায় ভোগা বহু মানুষ এই শিবিরে এসে উপকৃত হয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মানুষের ব্যাপক সাড়া পেয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বাইট ১: ডাঃ শৌর্য ব্যানার্জি, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী।

TAGS

সম্পর্কিত খবর