শ্যাম দাস, নির্ভীক বাংলা,সালানপুর:
শব্দ দূষণ রোধ ও বেপরোয়া বাইকিং নিয়ন্ত্রণে কুলটি ট্র্যাফিক পুলিশের উদ্যোগে বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হল। বুধবার সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত প্রতাপপুর মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘ফটফট’ শব্দ সৃষ্টিকারী পরিবর্তিত বা বেআইনি সাইলেন্সার ব্যবহার করে অনেক বাইকচালক এলাকায় শব্দ দূষণ বাড়াচ্ছেন এবং সাধারণ মানুষের অসুবিধার কারণ হচ্ছেন। অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন চারটি মোটরবাইক থেকে অবৈধ সাইলেন্সার খুলে ফেলা হয়। সংশ্লিষ্ট বাইকচালকদের বিরুদ্ধে জরিমানা সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে যুবক ও বাইকারদের সতর্ক করতেই এই ধরনের অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও শব্দ দূষণ ও ট্র্যাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





