শ্যাম দাস, নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির ‘সাজেশন বক্স’-এর উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। সোমবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বক্সের সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
সাংবাদিক বৈঠকে লক্ষণ ঘড়ুই জানান, সারা রাজ্যজুড়ে মোট ১০০০টি সাজেশন বক্স চালু করা হয়েছে। রাজ্যের মানুষ বিজেপির কাছে কী প্রত্যাশা রাখছেন, সেই মতামত ও অভিযোগ এই বক্সের মাধ্যমে জানাতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি মোবাইল নম্বর ও ই-মেইলের মাধ্যমেও অভিযোগ ও পরামর্শ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষের প্রত্যাশাকেই হাতিয়ার করে বিজেপি রাজ্যে জয়ী হবে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপির এই নাটক মানুষ বুঝে গেছে। রাজ্যের তৃণমূল সরকার একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে। সেই কারণেই বিজেপি হতাশ হয়ে এই ধরনের কর্মসূচি করছে। বাংলায় বিজেপির কোনো জায়গা হবে না।”





