নির্ভীক বাংলা:
দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন কাঁকসার বিষ্ণুপুর এলাকার মানুষজন। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে থাকা দুটি টিউবওয়েল প্রায় এক বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। একাধিকবার পঞ্চায়েতকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের।
শনিবার বিকল টিউবওয়েল দুটির সামনেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভকারীদের মধ্যে সুধাময় ঘোষ ও দুলাল রায় অভিযোগ করে বলেন,
“বাসস্ট্যান্ডে দুটি টিউবওয়েল রয়েছে, কিন্তু সেগুলি দীর্ঘদিন ধরে অকেজো। আমরা বহুবার পঞ্চায়েতের কাছে জল ট্যাঙ্ক বসানোর আবেদন জানিয়েছি। প্রতিদিন প্রায় হাজার খানেক মানুষ এই বাসস্ট্যান্ড ব্যবহার করেন—ব্যবসায়ী থেকে স্কুল পড়ুয়া সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে। পঞ্চায়েতের কোনও হেলদোল নেই। বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
এনিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা ভগিরথ ঘোষ বলেন,
“পঞ্চায়েতের ঘুম ভাঙছে না বলেই এলাকার মানুষকে এক থেকে দু’কিলোমিটার দূর থেকে পানীয় জল এনে চলতে হচ্ছে। এটাই বর্তমান বাস্তবতা।”
যদিও অভিযোগ উড়িয়ে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় জানান, খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে এবং পানীয় জলের ব্যবস্থা নেওয়া হবে।





