নির্ভীক বাংলা:দেবনগর পারেয়ারহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি সংঘ ও পাঠাগারের উদ্যোগে শুরু হয়েছে ৫৭তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
২৩ জানুয়ারি সকালে জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। একই দিনে সরস্বতী পুজো উপলক্ষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।
আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব কুমার রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অতিয়া বর্মন, সম্পাদক নকুল বর্মন, অনুষ্ঠান কমিটির সভাপতি ললিত চন্দ্র রায় এবং সম্পাদক সত্যেন্দ্রনাথ রায়।
উৎসব উপলক্ষে অংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা ও জনপ্রিয় মেছনি গানসহ একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতে আরও নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্যোক্তাদের মতে, এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নেতাজির আদর্শ ও লোকসংস্কৃতির চেতনাকে আরও সুদৃঢ় করা সম্ভব হবে।





