আসানসোল / দুর্গাপুর / ধানবাদ, ২৪-২৫ ফেব্রুয়ারি:
রাজ্যের একাধিক আদালতে পরপর বোমা রাখার হুমকি মেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল জেলা ও দায়রা জজ আদালত, দুর্গাপুর মহকুমা আদালত এবং ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি পাওয়া গেছে।
আসানসোল জেলা আদালত
মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ জেলা বিচারকের ইমেলে একটি হুমকি বার্তা আসে। বাংলায় লেখা ওই মেলে দাবি করা হয়, আদালত চত্বরে আরডিএক্স রাখা হয়েছে এবং নামাজের পর বিস্ফোরণ ঘটানো হবে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-কে।
ঘটনাস্থলে পৌঁছন ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ধ্রুব দাস-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। আদালত ভবন ও চত্বর সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়। বিচারাধীন বন্দী, আইনজীবী, আদালত কর্মী ও সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড দিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছিল।
ধানবাদ কোর্ট
এদিকে ধানবাদ কোর্টেও বোমা রাখার হুমকি ইমেল পাঠানো হয় সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট প্রভাত কুমারের কাছে। খবর পেয়ে আদালত প্রাঙ্গণ খালি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সব ক্ষেত্রেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোথাও বিস্ফোরক মেলেনি বলে প্রাথমিকভাবে জানা গেলেও তদন্ত চলছে।
ঘটনার জেরে আদালত চত্বরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আতঙ্ক এড়াতে প্রশাসন সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে।







